Image description

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস মালেকের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের গভীর খাদে ছিটকে পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর ফলে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/ডিআর