নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। উত্তরপত্রগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় জনৈক এক যুবক থানায় জমা দিয়েছেন। ডাক বিভাগের অসাবধানতায় এই বড় ধরনের বিপত্তি ঘটেছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের বাসিন্দা রাহিম মিয়া উত্তরপত্রের বান্ডেলগুলো শিবপুর মডেল থানায় জমা দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনার সংলগ্ন ব্রিজের পাশে তিনটি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন রাহিম।
কৌতূহলবশত তিনি সেগুলো বাড়িতে নিয়ে যান। সোমবার এক প্রতিবেশীর সহায়তায় তিনি নিশ্চিত হন যে, এগুলো এসএসসি ভোকেশনাল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র। এরপর কোনো দেরি না করে আজ সকালে তিনি সেগুলো থানায় পৌঁছে দেন।
খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন এবং শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া থানায় গিয়ে খাতাগুলো পরিদর্শন করেন। তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া ২৬৮টি খাতা নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের। ডাক বিভাগের রানারের মাধ্যমে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরের সময় ভ্যানগাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে গিয়েছিল।
রাহিম মিয়া বলেন, “রাস্তায় প্যাকেটগুলো পড়ে থাকতে দেখে আমি বাড়িতে নিয়ে আসি। প্রতিবেশীকে দেখানোর পর যখন বুঝলাম এগুলো পরীক্ষার খাতা, তখন খুব দুশ্চিন্তায় পড়ে যাই। আজ সকালে খাতাগুলো অক্ষত অবস্থায় থানায় জমা দিয়েছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খাতাগুলো সিলগালা অবস্থায় থাকায় কোনো জালিয়াতির সুযোগ হয়নি।
উদ্ধারকৃত খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে বিষয়টি প্রতিবেদন আকারে জানানো হয়েছে। ওই যুবকের সততার কারণে কয়েকশ শিক্ষার্থীর শিক্ষাজীবন বড় ধরনের অনিশ্চয়তা থেকে রক্ষা পেল।
মানবকণ্ঠ/আরআই




Comments