Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাজীরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীরবাগ এলাকায় জনৈক ধনু মিয়ার নির্মাণাধীন বাড়ির আশপাশে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ির উত্তর-পূর্ব পাশে একটি খালি সেফটি ট্যাংকের নিকট পরিত্যক্ত অবস্থায় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৫টি বড় পোটলা পাওয়া যায়। পরে পোটলাগুলো খুলে মোট ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাতেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।