বকশীগঞ্জে নিজ ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে সুখী (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (০৩ মে) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুখী ওই গ্রামের আব্দুল মালেক খোকা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা যখন বাড়ির আঙিনায় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন সবার অজান্তে নিজ ঘরের কাঠের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুখী। পরে প্রতিবেশী রুবিনা আক্তার ঘরে ঢুকে সুখীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে। তবে কী কারণে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments