Image description

পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে এক কলেজছাত্র ও তার স্কুলপড়ুয়া বোনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

শনিবার (০২ মে) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে চিহ্নিত মাদক কারবারী নুর ইসলাম ওরফে সোহাগ ও তার সহযোগীরা এই হামলা চালায়।

আহতরা হলেন—বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইস্রাফিল ইসলাম রিফাত (২১) এবং তার ছোট বোন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুই আক্তার (১৭)। তারা বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৪টার দিকে রিফাত বাড়ির উঠানে বের হলে সোহাগের নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র দল তাকে জোরপূর্বক তুলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ সময় ভাইকে বাঁচাতে বোন জুই আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রিফাত জানান, মাদক বিক্রির প্রতিবাদ করায় তাকে গামছা দিয়ে বেঁধে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযুক্ত নুর ইসলাম ওরফে সোহাগ হামলার বিষয়টি আংশিক স্বীকার করে দাবি করেন, ‘ওরা আমার বাড়িতে মাদক খুঁজতে গিয়ে টাকা নিয়ে গেছে, তাই তাদের মারধর করেছি।’

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতদের শরীরে জখমের চিহ্ন রয়েছে, তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর