লক্ষ্মীপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় প্রবাসীর বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের স্ত্রীসহ আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।
রোববার (০৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—প্রবাসী টিপু সুলতান, তার মা শেফালী বেগম (৬২) এবং ছোট ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগম (২২)। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—একই গ্রামের কালামিঝি বাড়ির কাশেম মুহুরি, তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু এবং ছেলের স্ত্রী নাঈমা আক্তারসহ অজ্ঞাত আরও কয়েকজন।
স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত কাশেম মুহুরির পরিবারের সঙ্গে টিপুদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে প্রবাসী টিপু তার বাড়ির ছাদে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করতে যান। এ সময় কাশেম মুহুরির নির্দেশে তার ছেলে বাবলু ওই পাইপ লাইনে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বাবলু ও তার স্ত্রী নাঈমা আক্তার দেশীয় অস্ত্র নিয়ে টিপুর ওপর হামলা চালান। এ সময় টিপুকে রক্তাক্ত অবস্থায় বাঁচাতে এগিয়ে এলে তার মা ও ভাইয়ের স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়।
আহত প্রবাসী টিপু সুলতান অভিযোগ করে বলেন, "বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় প্রায়ই কাশেম মুহুরি ও তার ছেলেরা আমার মাকে মারধর ও হেনস্তা করে। কাশেম একজন আইনজীবীর সহকারী হওয়ায় প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আজ পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments