দীর্ঘ ৮ বছর পর বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (০২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই পৃথক দুই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাতেই নগরীতে আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা।
বরিশাল মহানগর ছাত্রদলকে গতিশীল করতে রাজপথের পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনা হয়েছে। মহানগর কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান তাসনিম। সদস্য সচিব মনোনীত হয়েছেন মো. নাভিদ রহমান খান (তুষার)। এছাড়া মাহমুদ হাসান তানজিলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
মহানগর কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন— আহাদ হোসেন আবির, মাজহারুল ইসলাম মনিস, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব (ববি), আল আমিন হাসান ও মো. রাকিব তালুকদার।
অন্যদিকে, বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তৌফিকুল ইসলাম ইমরানকে এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মো. আল আমিন মৃধা। আসিফ আল মামুনকে দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব।
জেলা কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— আব্দুল কাদের মোল্লা, মো. ইমরান আহমেদ (ইব্রাহিম), মো. জাহিদুল ইসলাম পিন্টু, জাহিদ সাকিন (ববি), মহসিন শিকদার, আরিফ হোসেন (ববি), মো. ইমতিয়াজ চৌধুরী, মো. রফিকুল ইসলাম (রফিক মৃধা) ও সৈয়দ মাহমুদ হাসান।
নবগঠিত মহানগর কমিটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলকে আরও সক্রিয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।
সদস্য সচিব নাভিদ রহমান খান তুষার বলেন, “তারেক রহমান রাজপথের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করেছেন। এই কমিটি রাজপথের ঘাম ও রক্তের ফসল। আগামীতে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে এটি দুর্গ হিসেবে কাজ করবে।”
জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান এক প্রতিক্রিয়ায় বলেন, “ত্যাগী কর্মীদের মূল্যায়ন করায় আজ তৃণমূল উজ্জীবিত। যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা রাজপথে থেকে পালন করব।”
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জানানো হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ সাত বছর পর ২০১৮ সালের ১৯ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ৮ বছর পর পুনরায় নতুন কমিটি ঘোষণা করা হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments