Image description

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৩ মে) বিকেলে হাতীবান্ধা রেল স্টেশনের আধা কিলোমিটার উত্তর পাশে বুড়িমারীগামী একটি ট্রেনে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা রেল স্টেশন থেকে ট্রেনটি বড়খাতার দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া ও আগুন দেখতে পান যাত্রীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি ট্রেনের পরিচালককে জানানো হলে তিনি চালকের সঙ্গে কথা বলে ট্রেনটি থামিয়ে দেন।

আগুন দেখে পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ট্রেনটি সময়মতো থামানো এবং দ্রুত আগুন নেভানোর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম জানান, চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুনের খবর তিনি পেয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

মানবকণ্ঠ/ডিআর