Image description

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অনৈতিক কাজে সহায়তার অভিযোগে তিন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) বহিষ্কারসহ তিন বছরের জন্য পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ।

রোববার (০৩ মে) সকালে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম তরিকুল ইসলাম (রোল নম্বর ৪২৩৭৩২)। সে উপজেলার মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার ছাত্র।

দায়িত্বে অবহেলার দায়ে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন—মাগুরা দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক এবং বাহাগিলী ডিএম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনুর রশিদ। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী তাদের এক বছরের জন্য বহিষ্কার এবং আগামী তিন বছরের জন্য পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে, পরীক্ষায় অনৈতিক কাজে সহায়তার দায়ে আটক দুই বহিরাগত হলেন—কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের সাকিল মিয়া (৩৪) এবং জলঢাকা উপজেলার কিশামত বটতলা গ্রামের লিমন ইসলাম (২১)।

কেন্দ্র সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর