প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার অভিমান থেকে মাদারীপুরের শিবচরে এক যুবক ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে চড়ে আত্মহত্যার হুমকি দিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় সাড়ে ৪ ঘণ্টার প্রাণপণ প্রচেষ্টায় অবশেষে রাত সাড়ে ১০টার দিকে হাসান শিকদার (২২) নামের ওই যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
রোববার (৩ মে) সন্ধ্যার পর শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হাসান শিকদার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান সন্ধ্যার পর প্রেমিকার বাড়ির পাশের ওই সুউচ্চ বৈদ্যুতিক টাওয়ারে চড়ে বসেন। সেখান থেকে তিনি তার প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখার দাবি জানান এবং তাকে টাওয়ারের নিচে আসতে বলেন। অন্যথায় নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন তিনি।
ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং টাওয়ারের নিচে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামিয়ে আনার চেষ্টা শুরু করেন। পরে হাসানের এক বন্ধু টাওয়ারে উঠে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে শান্ত করেন এবং প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তাকে সঙ্গে নিয়ে নিরাপদে নিচে নামেন।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, “খবর পাওয়ার পর থেকেই আমরা ঘটনাস্থলে ছিলাম। দীর্ঘ সময় ফোনে ও সরাসরি বুঝিয়ে তাকে নিচে নামিয়ে আনা হয়েছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং স্থানীয়দের জনরোষ থেকে বাঁচিয়ে থানায় নিয়ে যায়।”
শিবচর থানা পুলিশ জানায়, হাসানকে নিরাপদে উদ্ধার করার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments