Image description

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম নির্ধারণের কথা জানানো হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে বলে সংগঠনটি নিশ্চিত করেছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দাম ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি এবং বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে অস্থিরতা লেগেই আছে। এ বছর এ পর্যন্ত মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হলেও, আজকের ঘোষণাসহ মোট ২৮ বার দাম কমানো হয়েছে।