মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়ন ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গজারিয়া থানার একটি টিম বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে চোর চক্রের সক্রিয় সদস্য আল আমিন (৩৬) ও তার ভাই রুহুল আমিনকে (৩৮) গ্রেফতার করা হয়। তারা ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে ছিদ্দিকুর রহমানের ছেলে রুবেলকে (৩১) গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, একই রাতে পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ৬ আসামিকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments