Image description

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি উন্নয়নের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে দৃশ্যমান হবে। 

মঙ্গলবার (৫ মে) সিলেট উপশহরস্থ বাসভবনে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

এমপি লুনা বলেন, "বর্তমান সরকারের এই মেয়াদের মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রতিটি কাজ ধীরে ধীরে দৃশ্যমান হবে।"

বিশ্বনাথে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদকের বিস্তার রোধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাদক নির্মূলে প্রশাসনের প্রতি 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একটি মাদকমুক্ত সমাজ গড়তে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বিশ্বনাথ-টেংরা রাস্তার পাকাকরণ ও রাস্তার কিছু অংশ নদীগর্ভে ধসে যাওয়ার বিষয়ে এমপি লুনা বলেন, "ইতিমধ্যে জেলা প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন। ধসে যাওয়ার প্রকৃত কারণ জানতে মাটি পরীক্ষার (Soil Test) কাজ চলছে। সরকারের উন্নয়ন কাজে আমরা স্বচ্ছতায় বিশ্বাসী।"

তিনি আরও যোগ করেন, "কাজ শেষ হওয়ার আগেই কিছু গণমাধ্যম ভুল তথ্য উপস্থাপন করছে। কাজ সম্পন্ন হওয়ার পর যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নদী ভাঙনপ্রবণ স্থানে ব্লক ব্যবহারের পরিকল্পনাও আমাদের রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফলতি ধরা পড়লে তাকে ছাড় দেওয়া হবে না।"

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু ও গণমাধ্যমকর্মী ইয়াসিন মির্জা।

মানবকণ্ঠ/ডিআর