Image description

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে বর্বরোচিত ও কলঙ্কময় ‘৫ মে গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক সাধারণ মানুষকে ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে।

মঙ্গলবার (৫ মে) সকালে মিল চত্বরের ঐতিহাসিক ‘শহীদ সাগর’ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, “১৯৭১ সালের এই দিনে যে নৃশংসতা চালানো হয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে এক বিরল শোকাবহ ঘটনা। এই ত্যাগ চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকবে।”

আলোচনা সভায় বক্তারা ইতিহাসের স্মৃতিচারণ করে বলেন, স্বাধীনতার পর শহীদদের গণসমাধির নীরব সাক্ষী পুকুরটির নামকরণ করা হয় ‘শহীদ সাগর’। এছাড়া বীর শহীদ তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমের নামে গোপালপুর রেল স্টেশনের নাম রাখা হয় ‘আজিমনগর’।

বিভাগীয় কর্মকর্তা ও মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।

এসময় শহীদ পরিবারের সদস্য ফরহাদ-উজ-জামান রুবেলসহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর