নদীতে হাঁস তুলতে গিয়ে কচুরিপানায় আটকা দুই ব্যক্তি, উদ্ধার করলো পুলিশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আশ্রয়ন কেন্দ্রসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন; নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মো. আয়নাল সেখের ছেলে শওকত ও মো. জাবেদ আলীর ছেলে খালেক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নদী থেকে হাঁস তুলতে গিয়ে তাঁরা ছোট একটি নৌকা নিয়ে নদীতে নামেন। একপর্যায়ে নদীতে জমে থাকা ঘন কচুরিপানার মধ্যে নৌকাটি আটকে যায়। এতে তাঁরা দীর্ঘ সময় নদীর মাঝেই আটকা পড়ে থাকেন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং রাতেই তাঁদের নিরাপদে উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার ভেতর থেকে আটকে পড়া নৌকাটি শনাক্ত করে। পরে দুই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়।




Comments