ময়মনসিংহে একদিনে পৃথক দুটি স্থান থেকে এক অজ্ঞাত নারী ও নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) জেলার ধোবাউড়া ও মুক্তাগাছা উপজেলায় এসব মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ধোবাউড়া উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর (চিরাখালী) সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়দের তথ্যমতে, গত ৩-৪ দিন ধরে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তিনি বাংলাদেশি না কি ভারতীয় নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, নিখোঁজের একদিন পর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাশাঁটি ইউনিয়নের জমিনপুর গ্রাম থেকে আন্দালিব সাদমান রাফি (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাফি স্থানীয় জমিনপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে এবং একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার দুপুরে প্রতিবেশী খোকনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে খোকন নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্তে পুলিশের তদন্ত চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments