Image description

পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সময় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও চোরাচালান প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে সতর্কতা জারি করে টহল জোরদার করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন।

তিনি আরও বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে ১৫ বিজিবির আওতায় সীমান্তগুলোতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সময় এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।