Image description

ময়মনসিংহের মুক্তাগাছায় অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাদরাসা শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম আন্দালিফ আদনান রাফি (৮)। সে মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

নিখোঁজের একদিন পর শনিবার (৯ মে) দুপুরে প্রতিবেশী খোকন মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাফির বাবা জহিরুলের সঙ্গে প্রতিবেশী খোকনের অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় খোকন পাখিদের বাসা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাফিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে খোকনের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তার বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযুক্ত খোকনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর