Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৮ মে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস আভিযানিক দল সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরও একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানটির বস্তার ভেতর থেকেও বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া পণ্যের কোনো বৈধ আমদানি কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে সব জিরা জব্দ করা হয়। জব্দকৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ শনিবার (৯ মে) রাত ৮টার দিকে জানায়, চোরাকারবারীরা জাল আমদানি কাগজপত্র ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিবি।