গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোমান সরকার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
রোববার (১০ মে) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রোমান সরকার উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি ফিরছিল। পথে বর্ধনকুঠি এলাকায় পৌঁছালে রোমান তাকে ধরে পাশের একটি ঝোপের আড়ালে নিয়ে যায়। সেখানে শিশুটির গলায় ধারালো ছুরি ধরে তাকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলে।
পরে উত্তেজিত জনতা ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments