আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলায় সাড়া ফেলেছে বিশাল আকৃতির এক ষাঁড়, যার নাম রাখা হয়েছে ‘রংবাজ’। ব্রাহমা ক্রস জাতের প্রায় ২৫ মণ ওজনের এই সাদা-কালো রঙের ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। খামারি গরুটির দাম হাঁকিয়েছেন ৯ লাখ টাকা।
উপজেলার রাজারামপুর ইউনিয়নের ছেতরাবাজার এলাকার ‘ইসলাম এগ্রো খামার’-এ পরম যত্নে বড় হয়েছে এই রংবাজ। খামারের তত্ত্বাবধায়ক মো. মইনুল ইসলাম জানান, ২০১৯ সালে মাত্র দুটি গরু নিয়ে যাত্রা শুরু করা এই খামারে বর্তমানে ২২টি গরু রয়েছে। এর মধ্যে ‘রংবাজ’ ছাড়া বাকিগুলো ফ্রিজিয়ান জাতের। গত পাঁচ বছর ধরে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন রংবাজের খাবারের তালিকায় থাকে খৈল, ভেজানো ছোলা, গমের ভুসি, ভুট্টা ও সবুজ ঘাস। শান্ত স্বভাবের এই ষাঁড়টির পেছনে প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হচ্ছে। সুঠাম দেহের অধিকারী হওয়ায় স্থানীয়ভাবে এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
খামারের পরিচর্যাকারী হামিদুর রহমান বলেন, "রংবাজকে কখনো খামারের বাইরে বের করা হয়নি। দিন দিন এর ওজন ও আকৃতি বাড়ছে। তবে এটি খুবই শান্ত স্বভাবের হওয়ায় সহজেই নিয়ন্ত্রণ করা যায়।"
বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন জানান, ‘রংবাজ’ বর্তমানে উপজেলার অন্যতম বড় গরুগুলোর মধ্যে একটি। ব্রাহমা ক্রস জাতের এমন গরু লালন-পালন করা বেশ ব্যয়বহুল ও শ্রমসাধ্য। প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত খামারিকে পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, আসন্ন কোরবানির হাটে গরুটি কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments