Image description

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণে সরকার ঘোষিত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ ১০ হাজার টাকা।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর