দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ মে) ভোর রাতে এনায়েতপুর বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, এদিন রাত আনুমানিক সাড়ে ৩টায় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপনগর গ্রামে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার ৫০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments