পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ৪ স্কুলছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান না পেয়ে সোমবার (১১ মে) সকালে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বজনরা।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—নাজিরপুর এলাকার আব্দুল মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২), একই এলাকার আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সনজিদা আক্তার রায়সা (১৪)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
জিডি সূত্রে জানা যায়, গত ১০ মে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই চার শিক্ষার্থী যার যার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। কিন্তু স্কুল ছুটির সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পর তারা সম্ভাব্য সব জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি। ৪ জন শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্কুলছাত্রীদের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। তাদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments