Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে মাদক পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় বিশেষ ‘খাল’ খননের উদ্যোগ নেবে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত কলেজ ছাত্র মোরসালিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, "সীমান্তে হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে সীমান্তের দিকে ‘লং মার্চ’ করব। ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা সীমান্তে যাব, দেখি কে আমাদের ঠেকায়!"

তিনি অভিযোগ করেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বৃদ্ধি পেয়েছে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, "দেশে এতো ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা কীভাবে আসে? এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে।" তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার থাকে না।

এ সময় তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "কিছুদিন আগে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিককে খুন করা হয়েছে। বর্তমানে দেশে নাগরিক কিংবা সাংবাদিক—কেউই নিরাপদ নন। মানুষ যদি নিরাপদ না থাকে, তবে এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।"

কসবায় আসার পথে তাকে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে নাসির পাটোয়ারী বলেন, "আমি এদেশের নাগরিক, আমি কোথায় যাব তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। পথে পথে আমাদের বাধা দেওয়া হয়েছে, যা দুঃখজনক।"

কবর জিয়ারত শেষে এনসিপি প্রতিনিধি দলটি বিএসএফ-এর গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি-র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় হেলথ উইংয়ের সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহাদ, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।

মানবকণ্ঠ/ডিআর