Image description

গাজীপুরের পূবাইল স্টেশন এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ট্রেনে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও রেল সূত্র জানায়, কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে প্রবেশের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। কয়েকবার চেষ্টা করেও ট্রেনটি সামনে এগোতে পারছিল না। এ সময় ঘর্ষণের ফলে ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে কিছু ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালক দ্রুত ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপক যন্ত্র) ব্যবহার করেন। ফায়ার এক্সটিংগুইশারের প্রচুর ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীদের মধ্যে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন।

শিমুলিয়া এলাকার এক গেটকিপার জানান, দুপুর দেড়টার দিকে ট্রেনটি পূবাইল ফেরিঘাট রেল ব্রিজের আগে থেমে যায়। চাকা জ্যাম হয়ে ধোঁয়া বের হওয়ায় রেলের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। পরে ট্রেনটি প্রায় এক কিলোমিটার পিছিয়ে নলছাটার দিকে নেওয়া হয় এবং প্রয়োজনীয় মেরামত শেষে পুনরায় গতি তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এ বিষয়ে পূবাইল স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, "ট্রেনে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। মূলত ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এতে প্রায় ৩০ মিনিটের মতো রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। দ্রুত ত্রুটি মেরামত করার পর বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।"

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আপ লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হলেও আধঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানবকণ্ঠ/ডিআর