সিরাজগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত শিক্ষার্থী গ্রেফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিম হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে উপজেলার ধামাইনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর একপর্যায়ে জিম হোসেনকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে জাওয়াদ মাহমুদ। এতে জিম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত জাওয়াদ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সে এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। পরে ধামাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, "ঘটনার পর পরই পুলিশ অভিযানে নামে। অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চলছে।"
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments