Image description

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে সুতাং নদীতে তলিয়ে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পায়েল নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যান। ধান কাটা শেষে নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্র তাণ্ডবে পায়েল নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার বিকেল থেকেই দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে সে সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের এক নারী নদীতে মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আসর নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর