Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে ওই ব্যবসায়ীর নিজ কার্যালয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিশ ও ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাছির দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে একা অবস্থান করছিলেন। বেলা ১টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝের ওপর পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জানান, ঘটনার সময় তিনি সড়কেই ছিলেন। হঠাৎ এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত অফিস থেকে বেরিয়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। ওই ব্যক্তির পরনে কালো রঙের পাঞ্জাবি ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কালো হাতলযুক্ত রক্তমাখা ছুরি ও এর কাভার উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।"

মানবকণ্ঠ/ডিআর