Image description

রাজবাড়ীর সদর উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান সরদার বাড়াইজুড়ী গ্রামের নাসির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল পরিবারের সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় থাকা একটি আম গাছে উঠে আম পাড়ছিল রোমান। একপর্যায়ে গাছের মগডাল ভেঙে গেলে সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার মাথা নিচের দিকে থাকায় ঘাড়ে গুরুতর আঘাত পায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সোহেল রানা বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি পরিবারের সবাই কান্নাকাটি করছে। ছোট একটি দুর্ঘটনায় ছেলেটি এভাবে মারা যাবে, তা কেউ ভাবতে পারেনি।

চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, আম গাছের ডাল ভেঙে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।