টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তি সম্পর্কে একে অপরের দেবর-বৌদি।
শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহত সীমা সরকার পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মানিক সরকার একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মানিক সরকার তার বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে বরিশালের গৌরনদী যাচ্ছিলেন। পথে টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কোটালীপাড়া) থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া চালক মানিক সরকারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক শামীম শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments