Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলের হামলায় আহমদ ডিলার (৭০) নামে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম হোসেন মিলন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পাশাপাশি তিনি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বারবার তাকে সংশোধনের চেষ্টা করা হলেও তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সঙ্গে মিলনের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। এতে বৃদ্ধ আহমদ ডিলার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে আটক করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিতাকে মারধর করে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর