Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের চরম অবহেলা ও অব্যবস্থাপনা দূর করে আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। 

শনিবার (১৬ মে) বিকেল ৩টায় শাহজিবাজার রেলস্টেশন প্রাঙ্গণে ১০টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহজিবাজার রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। আধুনিকায়ন তো দূরের কথা, সাধারণ সংস্কারের অভাবেও প্রতিদিন যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্টেশনে নেই পর্যাপ্ত আলো, বসার স্থান কিংবা আধুনিক সুযোগ-সুবিধা।

আন্দোলনকারীরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে—স্টেশনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি, টিকিটের কোটা বাড়ানো, নিয়মিত স্টেশন মাস্টার নিয়োগ, মালামাল চুরি রোধে নিরাপত্তা জোরদার এবং ‘পারাবত’ বা ‘কালনি’ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাহজিবাজার রেলস্টেশন এই অঞ্চলের মানুষের অন্যতম যোগাযোগের মাধ্যম। এই স্টেশনটি রক্ষা করা না গেলে এলাকার উন্নয়ন থমকে যাবে।” অবিলম্বে দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আন্দোলন চলাকালে ঢাকা-সিলেট রুটের ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে কিছুক্ষণ আটকে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মানবকণ্ঠ/ডিআর