নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে এসব চাল জব্দ করা হয়।
জব্দকৃত চালগুলো ওই ওয়ার্ড জামায়াতের আমির আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমানআলী বাজার সংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা শনিবার সকালে সেখানে তল্লাশি চালায়। একটি কক্ষে সরকারি বস্তায় ভরা প্রায় ৩ টন (৯৬ বস্তা) চাল দেখতে পেয়ে তারা প্রশাসন ও চরজব্বার থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে।
অভিযুক্ত জামায়াত নেতা আবদুস সামাদ দাবি করেন, চালগুলো তার ছোট ভাই ‘ডেইলি শপ’-এর ডিলার কামালের। এসব চাল স্থানীয় বিভিন্ন মাদরাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে বৈধভাবে কেনা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান।
চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক বলেন, “চালগুলো অবৈধ নয়, বিভিন্ন মাদরাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে কেনা হয়েছে। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, উদ্ধার হওয়া সরকারি চালের পরিমাণ প্রায় ৩ টন। চালগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। অভিযুক্ত ব্যক্তি যদি বৈধ কাগজপত্র দেখাতে পারেন, তবে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments