মুন্সিগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, মামা গ্রেপ্তার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মামা রাজা মিয়ার (৩৫) বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ঘাতক মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃত রাজা মিয়া বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। তিনি গত প্রায় ৬ বছর ধরে ভাগ্নির পরিবারের সঙ্গেই বসবাস করে আসছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। বিকেল ৪টার দিকে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সময়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করা হয়।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী এবং স্থানীয় ইউপি সদস্য সালেহা বেগম জানান, শিশুটির শরীরে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক রাজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments