Image description

রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে আজ মঙ্গলবার (১৯ মে) অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।

আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যায় ৬টা ৩৬ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বুধবার ভোর ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় হবে।
নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।