ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের লক্ষ্য : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট কোনোভাবেই বরদাশত করা হবে না। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমন্বিতভাবে কাজ করবে। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা, জাল টাকা শনাক্তকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।”
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা সহ কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। নাগরিক সচেতনতায় মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। ঈদে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আঃ রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, বিআরটিএর মাহবুবর রহমান, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।




Comments