নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (১১) ও মোহাম্মদ আলী (১০) নামের দুই স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত রহমান পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে এবং মোহাম্মদ আলী একই গ্রামের রাজু আহম্মেদের ছেলে। তারা দুজনই স্থানীয় পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন জানান, সকাল ১১টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পুকুরে কলাগাছ নিয়ে খেলা করছিল। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ে তাদের পরনের পোশাক ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments