Image description

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী প্রবাসে থাকার সুযোগে নিজের ১৫ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) ভোরের দিকে শহরের ছয়ঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সপরিবারে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর মা জীবিকার তাগিদে গত ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি ছুটিতে বাংলাদেশে এসে দুই সপ্তাহ আগে পুনরায় কর্মস্থলে ফিরে যান। মা চলে যাওয়ার পর ওই কিশোরী তার আরও দুই ছোট বোন ও বাবার সঙ্গে বাসায় থাকছিল।

অভিযোগে জানা যায়, গত শনিবার (১৬ মে) রাতে রফিকুল ইসলাম তার বড় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় এ কথা কাউকে না জানাতে কিশোরীটিকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন তিনি। গত সোমবার (১৮ মে) সকালে রফিকুল আবারও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালালে সে কৌশলে বাসা থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের বিস্তারিত জানায়। পরে ওই কিশোরী নিজে বাদী হয়ে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত রফিকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই