চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক তিনটি দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বার আউলিয়া, ছোট কুমিরা ও বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ছোট কুমিরা এলাকার মোহরম আলীর ছেলে মো. হারুনুর রশিদ (৫৪), মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নদুয়ানিয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ও মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. হাসান (১৪) এবং আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সলিমপুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় মো. হারুনুর রশিদ নিহত হন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা বাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি গরুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র হাসান নিহত হয়। জানা গেছে, হাসান ২০-২৫ জন সহপাঠীর সঙ্গে একটি খোলা মিনি ট্রাকে করে কুমিরা আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসছিল। মহাসড়কে গাড়ি থেকে নামার সময় দ্রুতগামী গরুভর্তি ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক সড়ক দুর্ঘটনায় এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিন সকালে উপজেলার বাড়বকুণ্ডের মুছা কলোনি এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। মরদেহটি দুই রেললাইনের মাঝখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments