Image description

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসতিয়াক আহমেদ (২৪) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। তিনি ‘আরাফাত পরিবহন’ নামক বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী আরাফাত পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাস্থান ওভারপাস ব্রিজ পার হয়ে মৎস্য আড়তের কাছে পৌঁছালে সামনে থাকা একটি চলন্ত ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে চাপা পড়ে সুপারভাইজার ইসতিয়াক আহমেদ ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করেছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর