সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ১
সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। তিনি এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। আহত শিমুল মিয়া (২১) একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করার সময় পাশে থাকা ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসেন তারা। এতে ঘটনাস্থলেই এহসানুলের মৃত্যু হয় এবং শিমুল গুরুতর দগ্ধ হন। পরে আহত শিমুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মা কান্নায় ভেঙে পড়ে জানান, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর পরিবারের জন্য ঈদের খরচ জোগাতে কাউকে না জানিয়ে শ্রমিকের কাজে গিয়েছিল এহসানুল। কিন্তু সেই কাজই তার প্রাণ কেড়ে নিল।
তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, “ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্ক করা হলেও তারা তা মানেননি। তাদের অবহেলার কারণেই এই প্রাণহানি ঘটেছে।” এই বিষয়ে কথা বলতে ভবন মালিক ও ঠিকাদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments