Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে নূরু উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূরু উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ছেলে মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও ছেলের মধ্যে বেশ কিছু দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার বিকেলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হলে এক পর্যায়ে ছেলে আব্দুল্লাহ উত্তেজিত হয়ে তার বাবা নূরু উল্লাহকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জঙ্গল সলিমপুর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ও খুনাখুনি বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দেড় বছরে এই এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটেছে।

মানবকণ্ঠ/ডিআর