Image description

পটুয়াখালীর কলাপাড়ায় মক্তব পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ওই ইমামের অপকর্ম ধরার জন্য বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছিলেন। অবশেষে শনিবার সকালে একটি শিশুকে যৌন নিপীড়ন করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে মহিপুর থানায় খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শাহাদাত হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর