Image description

টাঙ্গাইলের ধনবাড়ীতে রহস্যজনক এক সড়ক দুর্ঘটনায় আজমল হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব (১৭) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে নিহতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ধোপাখালী চাড়াভাঙ্গা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজমল জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আহত সজীব একই উপজেলার শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

আহত সজীবের ভাষ্যমতে, শুক্রবার রাতে জামালপুরের ফৌজদারী মোড় এলাকায় একটি ড্রাম ট্রাকের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনতে পান তারা। তখন তারা মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেন। ট্রাকটি দ্রুতগতিতে ধনবাড়ীর দিকে যেতে থাকে। পিছু নিতে নিতে একসময় তারা ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে জামালপুরের দিকে রওনা দেন। কিন্তু ধনবাড়ীর চাড়াভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কী ঘটেছিল, তা আর তার মনে নেই।

এদিকে আজমলের বোন মৌমিতা আক্তার মিতা অভিযোগ করে বলেন, "আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। আমাদের ধারণা, তার সাথে থাকা বন্ধুরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।"

ধনবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, রাতে পুলিশি টহলের সময় চাড়াভাঙ্গা ব্রিজের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করেন। আহত সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মানবকণ্ঠ/ডিআর