Image description

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, "বর্তমানে সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার, আরেকজনকে ফ্যাসিস্ট বলে বিভাজন সৃষ্টি না করে আমাদের সহনশীল হতে হবে। সমাজব্যবস্থা ঠিক রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। আমরা প্রায়ই নিজের ভুল না দেখে অন্যের সমালোচনায় বেশি ব্যস্ত থাকি। একটি পরিবারের সব সন্তান যেমন সমান হয় না, তেমনি সমাজেও কেউ পথভ্রষ্ট থাকলে তাকে কাউন্সেলিং ও সহযোগিতার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে।"

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী সকল পুলিশ কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে—ব্যক্তিগতভাবে রাজনৈতিক মত বা দল থাকতে পারে, তবে তা শুধু ভোটের দিন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কর্মস্থলে পুলিশের একমাত্র দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা ও দেশের শান্তি নিশ্চিত করা। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি—কোন দল তা দেখার প্রয়োজন নেই। দেশের প্রতিটি নাগরিককে সমানভাবে সুরক্ষা দেওয়া পুলিশের পবিত্র দায়িত্ব।"

তিনি আরও বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে ফুটপাত দখল বা বাসস্ট্যান্ড নিয়ে দলাদলি করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপপরিচালক রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, আদমদীঘি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোতালেব হোসেন এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর