Image description

ময়মনসিংহ সদরে নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার বেগুনবাড়ি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহত বিজয় বর্মণ উপজেলার বেগুনবাড়ি এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মণের ছোট ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন। তার এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যান বিজয়। সেখান থেকে মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফেরার পর রাত ১২টার দিকে আবারও বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দিতে দেখা যায় তাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা বিজয়কে শনাক্ত করেন।

নিহতের জ্যেষ্ঠাতো ভাই সুব্রত বর্মণ জানান, বিজয়ের মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে বিরোধ বা মাদক সংক্রান্ত কোনো কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, বিজয় বর্মণ মাদকাসক্ত ছিলেন। গত শুক্রবার মাদকাসক্ত হয়ে বাড়ি ফেরার পথে তিনি একটি দোকানের সামনে পড়ে গিয়েছিলেন। পরে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে কিছুক্ষণ পর তিনি আবারও বাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলে চলে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন।

ওসি আরও বলেন, "প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর