Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা এলাকা থেকে নিখোঁজের ১২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মূল হোতাসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আড়িয়ারা এলাকার রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)। গত ২৩ মে মোনায়েমকে গ্রেপ্তারের পর ওই রাতেই প্রধান অভিযুক্ত হৃদয় শেখকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত ১২ মে সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে না পেয়ে ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে পরিবারের অনুসন্ধানে জানা যায়, বাড়ির পাশে পাকা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা সোনিয়া বেগম বাদী হয়ে হৃদয় শেখসহ আরও কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অপহরণের পর কিশোরীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এবং তাকে পাচারের চেষ্টাও চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার জানান, "ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর