পাবনার ঈশ্বরদীতে ছাগলের সজনি পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া আজিজুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তসলিম মুন্সির সজনি গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে বাশার ও তসলিম লিচু পাড়ার ‘কোটা’ (বাঁশের লম্বা লাঠি) ও কাঠের বাট দিয়ে মাহাবুলের ঘাড় ও মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।
এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাশার মুন্সিকে গ্রেফতার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, "একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়েই একজনকে গ্রেফতার করেছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments