বৈরী আবহাওয়ায়ও গাজীপুরের পশুর হাটে উপচে পড়া ভিড়, চাহিদা বেশি ছোট গরুর
ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই গাজীপুরের স্থানীয় পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া থাকলেও জেলার বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের দেশীয় গরু।
গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে কাদামাখা পরিবেশ সত্ত্বেও মানুষের ভিড় কমেনি। বিভিন্ন এলাকা থেকে খামারি ও পাইকাররা ট্রাকভর্তি গরু নিয়ে হাটে আসছেন। হাটে এবার ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি।
ক্রেতারা বলছেন, বাজেটের সীমাবদ্ধতা এবং পারিবারিক চাহিদার কথা চিন্তা করে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর দিকেই তাদের আগ্রহ বেশি। পূবাইল এলাকার একজন খামারি জানান, আবহাওয়া খারাপ থাকলেও বেচাকেনা বেশ ভালো। বিশেষ করে ১ লাখ টাকার আশপাশের গরুগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।
একই চিত্র দেখা গেছে গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী, শ্রীপুর ও কালিয়াকৈরসহ অন্যান্য স্থানীয় হাটগুলোতে। দেশীয় প্রজাতির গরু ও খাসিতে বাজার এখন টইটম্বুর। সরবরাহ পর্যাপ্ত থাকায় ক্রেতারাও নিজেদের সাধ্যের মধ্যে পছন্দের পশুটি খুঁজে নিতে পারছেন।
হাটের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনের পাশাপাশি পশু চিকিৎসকের বিশেষ মেডিকেল টিমও মোতায়েন রয়েছে। ইজারাদাররা আশা করছেন, ঈদের সময় যত ঘনিয়ে আসবে এবং আবহাওয়া উন্নত হলে বেচাকেনা আরও কয়েকগুণ বেড়ে যাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments